প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2026 ইং
কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধ চাঁদা দাবি ও পুলিশি হুমকির অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্জা ফকিরের বাড়ি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই লাখ টাকা চাঁদা দাবি, মারধর, বসতঘর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবার।
পরিবারটির অভিযোগ, জমিতে বসতঘর নির্মাণ করতে গেলে স্থানীয় আবদুল গফুর ওরফে চান মিয়া ও তাঁর সহযোগীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে জমির একাংশ চলাচলের রাস্তা দাবি করে নির্মাণকাজে বাধা দেওয়া হয়। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর জাহাঙ্গীরের স্ত্রী আসমা বেগম কর্ণফুলী থানায় জিডি করেন। এতে তাঁকে ও তাঁর দুই ছেলেকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।
এদিকে আবদুল গফুরসহ তিনজন বাদী হয়ে জাহাঙ্গীর, তাঁর ছেলে মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করেছেন বলে সংশ্লিষ্ট নোটিশে উল্লেখ রয়েছে।
চট্টগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস মামলা নম্বর ১৪৫৬/২০২৬-এর সূত্রে কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুহুল আমিন উভয় পক্ষকে বিরোধীয় জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নোটিশ দেন। এতে চরলক্ষ্যা মৌজার আরএস ৫৯৯ ও বিএস ৯৩৫ দাগের জমির একটি অংশ নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়।
তবে নোটিশে তারিখ নিয়ে অসংগতি দেখা গেছে। নোটিশটি ১৭ অক্টোবর ২০২৬ দেওয়া হলেও এতে আদালতের স্মারকের তারিখ উল্লেখ করা হয়েছে ১২ ডিসেম্বর ২০২৬—যা নোটিশ প্রদানের প্রায় দুই মাস পরের। ভুক্তভোগীদের দাবি, বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তারিখের ভুল স্বীকার করেন।
পরিবারটির আরও দাবি, বিরোধ মীমাংসায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি। বৈঠকে প্রতিপক্ষ দাবির পক্ষে প্রয়োজনীয় দলিলপত্র দেখাতে পারেনি বলেও দাবি তাঁদের।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে আবদুল গফুর ওরফে চান মিয়া বলেন, আমি কোনো চাঁদা দাবি করিনি। এটি আমার পৈতৃক জায়গা।
নোটিশ দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা তাঁদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছে পরিবারটি। তবে এএসআই মো. রুহুল আমিন বলেন, আমি এ ধরনের কিছু বলিনি। আদালতের নির্দেশনা অনুযায়ী নোটিশ দিয়ে এসেছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট